জাতীয়

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

অনলাইন নিউজ ডেস্ক

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় শাহবাগের ওসমান হাদি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান আদনান বলেন, সরকার ক্ষমতায় আসার পর ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তিন মাস পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা জরুরি। এ বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি কার্যকর করারও দাবি জানান তিনি।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের পর সরকার ভারতের সহযোগিতায় আসামিদের ফিরিয়ে আনার কথা বললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানান তিনি।

সমাবেশ থেকে আগামী শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button