রাজনীতি

৬ আগস্ট সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

অনলাইন নিউজ ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিভিন্ন দলের নেতারা।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ইস্যুতে জনমত গড়ে তুলতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে জোট।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। ওই সমাবেশ থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পরদিন ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালন করবে জোট। একই সময়ে দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে রাজধানীতে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button