জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি বালুখালী এলাকার একাধিক ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত মানবিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে তিনি বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এসব ক্যাম্পে পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য নেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সফরকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব-১৫ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button