জাতীয়

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা

অনলাইন নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঘোষিত পথনকশায় দেশের ছয়টি জেলা—গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটিতে কোনো কর্মসূচি রাখা হয়নি।

রোববার (৫ জুলাই) এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, প্রথম ধাপে যে ১০০ উপজেলা ও পৌরসভায় দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে, কেবল সেসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। ওই ছয় জেলায় প্রথম ধাপে প্রার্থী ঘোষণা না হওয়ায় সেখানে এবার কর্মসূচি রাখা হয়নি। দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে এসব জেলা ও উপজেলায়ও সাংগঠনিক সফর করা হবে বলে জানান তিনি।

এর আগে শনিবার (৪ জুলাই) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারজিস আলম গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রার ঘোষণা দেন। তিনি জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নতুন করে সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জে কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দলের আনুষ্ঠানিক ব্যাখ্যায় প্রার্থী ঘোষণার বিষয়টিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনসিপির ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরাঞ্চলের পদযাত্রা ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হবে। একই সময়ে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে। জুলাইজুড়ে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button