জাতীয়

ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

অনলাইন নিউজ ডেস্ক

টিকার সংকট ও সরবরাহ ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়েছে।

রোববার শিশুটির বাবা সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সদস্য মো. শাকিলের পক্ষে আইনজীবী মো. জুয়েল আজাদ হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটে উল্লেখ করা হয়, গত ২৬ মে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী শিশু সাফওয়ান ইসলাম জাহিনের মৃত্যু হয়। আবেদনকারীর দাবি, টিকার সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার কারণে এ মৃত্যু ঘটেছে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), জেলা প্রশাসক (ডিসি) এবং ষষ্ঠ বিবাদী হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে ৫ লাখ টাকা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ হামের প্রাদুর্ভাব এবং টিকার ঘাটতি নিয়ে আগেই সতর্ক করেছিল। কিন্তু এরপরও টিকাদান কর্মসূচি পরিচালনায় গুরুতর গাফিলতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তার দাবি, সময়মতো যথাযথ চিকিৎসা ও টিকা নিশ্চিত করা গেলে শিশুটির মৃত্যু এড়ানো সম্ভব হতে পারত। অবহেলার জন্য দায়ীদের চিহ্নিত করে তদন্তের ভিত্তিতে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

রিটে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহ ও সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ অভিযোগ তদন্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে টিকা মজুত, সংগ্রহ ও সরবরাহসংক্রান্ত সব নথি আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button