জাতীয়

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে সংস্থাটির অবদান উল্লেখযোগ্য। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জাইকার কারিগরি সহায়তা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে স্থানীয় সরকার খাতসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button