রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক

 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজসংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। একই সময়ে উপজেলার আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের প্রার্থীর কয়েকটি নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ব্যানারে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button