

অনলাইন নিউজ ডেস্ক
খুলনা মহানগরীর সদর থানার নিরালা এলাকার প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ভবনটির সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বস্তার এক পাশ দিয়ে তাজা রক্ত বের হতে দেখলে তারা কাছে গিয়ে ভেতরে মানুষের মরদেহ রয়েছে বলে নিশ্চিত হন। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবে। তদন্তের অগ্রগতির সঙ্গে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।



