

অনলাইন নিউজ ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মতো জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর পরিবর্তে সরকার ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু সাদিক কায়েম বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত একটি অর্থনৈতিক মডেল, যা বহু দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। এ ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত মতামত থাকলেও তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মনোযোগ যখন দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় থাকা প্রয়োজন, তখন ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে কেন্দ্র করে আলোচনা ও হস্তক্ষেপের বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
ডাকসু ভিপি আরও বলেন, দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। এসব ইস্যু সমাধানে কার্যকর পদক্ষেপের পরিবর্তে ব্যাংকিং খাতের একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় অধিক গুরুত্ব দেওয়ার পরিবর্তে কিছু মহল ব্যাংকিং খাতকে ঘিরে ভিন্নমুখী আলোচনায় বেশি আগ্রহ দেখাচ্ছে, যা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।



