

অনলাইন নিউজ ডেস্ক
সাভারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। এ সময় গ্রেপ্তার করা এক পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৮টার দিকে সাভারের বেদে পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান মাদকবিরোধী অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে তারা পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। পরে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।
হামলায় আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌদিহ-আল-হাসান জানান, আহত দুই পুলিশ কর্মকর্তার আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২২ মে সাভারের একই এলাকায় মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর এবং ক্যামেরা লুটের ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।



