রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে রাজশাহী থেকে যোগ দেবেন ৩৫ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ৩৫ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে ট্রেন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে ঢাকায় যাবেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলা থেকে ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এর মধ্যে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনেকে ব্যক্তিগতভাবেও ঢাকায় যাচ্ছেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহী মহানগর থেকে ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে যাবেন নেতাকর্মীরা। এছাড়া ট্রেনের বগি বুকিং করা হয়েছে। অনেক নেতাকর্মী ইতোমধ্যে চলে গেছেন। যারা বাকি আছেন তারা আজ অথবা কাল যাবেন। আমাদের ধারণা, রাজশাহী মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সেই লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘সবচেয়ে বেশি নেতাকর্মী যাবেন রাজশাহী-৬ আসন (বাঘা-চারঘাট) থেকে। সেখান থেকে ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এছাড়া জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী যাবেন। বাস, মাইক্রোবাস ছাড়াও অনেকে ট্রেনে যাবেন।’
এদিকে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে কোনো স্পেশাল ট্রেন না থাকলেও নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন অন্যান্য স্থান থেকে ২৫ ডিসেম্বর চার জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।
এগুলো হলো পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এছাড়া নাটোর-ঢাকা রুটে স্পেশাল ট্রেনের অনুমোদন চাওয়া হলেও এখনো তা পাওয়া যায়নি।
স্পেশাল ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা ২৫ ডিসেম্বর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘ঢালারচর এক্সপ্রেস’ ও রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘রহনপুর কমিউটার’।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, ‘২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। স্পেশাল ট্রেনগুলো আগামী বুধবার বিভিন্ন সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ৫০৮ জন। আর রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button