

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী কামরুল হুদা বলেছেন, জান্নাত দেওয়ার ক্ষমতা কারও নেই—এর মালিক একমাত্র আল্লাহ। যারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে, তারা নিজেরা জান্নাতে যাবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। তার অভিযোগ, ভোটের স্বার্থে ধর্মকে ব্যবহার করে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচন আগের মতো হবে না এবং দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ থাকবে না। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের একাধিক টিম দায়িত্বে থাকবে বলে জানান তিনি। সাধারণ ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন।
কামরুল হুদা আরও অভিযোগ করেন, জান্নাতের টিকিটের প্রচারণায় সাড়া না পেয়ে এখন ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্য নেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব তথ্য ব্যবহার করে ডিজিটাল প্রতারণার চেষ্টা হতে পারে এবং অর্থ লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আলকরা ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আ ন ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন লাল্টু, আনোয়ার হোসেন হক ও তোফায়েল হোসেন জুয়েলসহ অন্য নেতারা।



