রাজনীতি

নির্বাচনে কারচুপি রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে : মামুনুল হক

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ঠেকাতে ছাত্র-জনতাকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ও রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শিয়া মসজিদ থেকে শ্যামলী পর্যন্ত ইসলামী ছাত্রশিবির আয়োজিত নির্বাচনী স্বাগত মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, ঢাকা-১৩ আসনের ভোটাররা ১২ ফেব্রুয়ারি ‘রিকশা’ প্রতীকের পক্ষে ভোট দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি বলেন, সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রশিবির, ছাত্র মজলিস ও ছাত্র শক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সন্ত্রাসভিত্তিক রাজনীতির সমালোচনা করে মামুনুল হক বলেন, পেশিশক্তির রাজনীতি টিকবে না এবং জনগণ তা প্রতিহত করবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সেক্রেটারি মুহিব্বুল্লাহ বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং এই আসনে মামুনুল হকের মতো প্রার্থী পাওয়াকে তিনি সৌভাগ্যের বলে উল্লেখ করেন। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনের পর এলাকার মানুষের পাশে থাকার নিশ্চয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মিছিলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী-জনতা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button