

জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বাংলানিউজ২৪ ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আলোচিত প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তিনি সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি পরে বহিষ্কৃত হন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া এলাকায় ধানের শীষের জন্য ভোট চাইছেন। ভিডিওতে তিনি বলেন, “সাধুরপাড়া মানে এই বকশীগঞ্জ থানার ৭টি ইউনিয়ন। আমার বকশীগঞ্জে যেহেতু বড় কিছু কাজ করেছি, এবার কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের চেয়ে বেশি কিছু করতে চাই। ১২ তারিখে সকালের ভোটটা সবাই ধানের শীষে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।”
হত্যা মামলার আসামি প্রকাশ্যে ভোট চাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
জামালপুর ১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) সংসদীয় আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ মোট পাঁচজন প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, বাংলানিউজ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকায় হামলার শিকার হন। পরেরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম ২০২৩ সালের ১৭ জুন বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি হিসেবে ২২ জনকে আসামি করা হয়। একই দিন পঞ্চগড় থেকে তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা কারাগারে রাখা হয়। ২০২৪ সালের ১০ জুলাই তিনি উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান এবং এরপর আত্মগোপনে ছিলেন।



