

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।
চরমোনাই পীর বলেন, “বিভিন্ন জায়গায় দেখা গেছে, আমেরিকার সঙ্গে তারা (জামায়াতে ইসলামী) বৈঠক করেছে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছে।”
মুফতি রেজাউল করিম আরও বলেন, “বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বলেছে, দেশে জঙ্গি বা উগ্রবাদী আছে—এ ধরনের ইতিহাস বাংলাদেশে নেই। বাংলাদেশকে কেউ কলঙ্কিত করতে চায়নি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “আমেরিকার সঙ্গে গোপন বৈঠক, ভারতের সঙ্গে গোপন বৈঠক—বৈঠক হতেই পারে, কিন্তু গোপনে কেন? ভারত স্পষ্টভাবে বলেছে, এটি ধারাবাহিকতার অংশ, যা বোঝায়, তাদের বৈঠক আরও আগে থেকেই শুরু হয়েছে।”



