

অনলাইন নিউজ ডেস্ক
শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ঘটনাটির পরিপ্রেক্ষিতে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে, যা তার মতে সঠিক সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে মানসম্মত স্বাস্থ্যসেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। এমন একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ফলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কয়েকশ’ শিক্ষার্থী চিকিৎসা শিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি সেখানে নার্সিং শিক্ষার কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
তিনি প্রশ্ন রাখেন, হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে। তাই লাইসেন্স বাতিল করে হাসপাতালটি বন্ধ করে দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া উচিত বলে তিনি মত দেন।



