

অনলাইন নিউজ ডেস্ক
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।
উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়।



