জাতীয়

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে আসতে সক্ষম হলে বাংলাদেশি বা বিদেশি যে কেউ বিনিয়োগের পরিমাণের ওপর দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সরকার নতুন কিছু উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের জন্য কমিশনভিত্তিক প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আনতে কাজ করেছেন এমন অনেকের পক্ষ থেকে লাভের অংশীদারিত্ব বা আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সরকার আইনগতভাবে সেই বিষয়গুলোর সমাধানে উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিদেশ থেকে বিনিয়োগ আনতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি—তিনি বাংলাদেশি কিংবা বিদেশি যেই হোন না কেন—মোট বিনিয়োগের বিপরীতে দেড় শতাংশ কমিশন বা কনসালটেন্সি ফি পাবেন।

তিনি বলেন, এ ধরনের প্রণোদনা বিদেশে বসবাসরত বাংলাদেশিদেরও দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে উৎসাহিত করবে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশিরা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশি বিনিয়োগকারী আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকার পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়াতে চায় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button