

অনলাইন নিউজ ডেস্ক
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার উপজেলার উত্তর সাগরনাল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসিনা বেগম ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় হাসিনা বেগমের ব্যবহৃত একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক এনামুল হক জিলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



