সারাদেশ

বেনজীরকে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিন সময় দিল সংযুক্ত আরব আমিরাত

ইন্টারপোলের রেড নোটিশে দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন চাইল আমিরাত

ডেস্ক নিউজ :

সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ তাঁকে দেশে ফিরিয়ে নিতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জানানোর জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
দুবাই থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে জারি করা ইন্টারপোলের রেড নোটিশ (নং–A-5174/4-2025) অনুসারে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ আবেদন না করা হলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে আমিরাত কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ আবেদন পাঠানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবেদন জমা দেওয়ার পর দুই দেশের মধ্যে বিদ্যমান আইন ও চুক্তির আলোকে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
উল্লেখ্য, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button