

কুমিল্লায় রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এই বর্ষীয়ান সদস্য জেলার অন্যতম সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত ভাবমূর্তির কারণেও জেলায় তিনি শ্রদ্ধাভাজন।
জেলা জুড়ে এখন প্রশ্ন—তিনি কি সত্যিই রাষ্ট্রপতি হচ্ছেন? বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, নিরঙ্কুশ বিজয়ের পর রাষ্ট্রক্ষমতায় আসতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে জানা যায়। বিশেষ করে তার নিজ জেলা কুমিল্লায় এ আলোচনা আরও বেশি জোরালো।
নিজ নির্বাচনি এলাকা দাউদকান্দি-মেঘনার বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখার প্রত্যাশা নিয়ে নানা পোস্ট ও আলোচনা চলছে।
৭৯ বছর বয়সী ড. মোশাররফ কুমিল্লা-1 আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক তিনি। অতীতে জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে তার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
পূর্বে দলীয় এক জনসভায় ঘোষণা দেওয়া হয়েছিল—বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ড. খন্দকার মোশাররফ রাষ্ট্রপতি হবেন। সাম্প্রতিক সময়ে তিনি তুলনামূলকভাবে রাজনৈতিক প্রচার থেকে কিছুটা আড়ালে ছিলেন, যা নিয়েও নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি পদে পরিবর্তন এলে তা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলে সরকার গঠন, নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, তারা একটি সুখবরের অপেক্ষায় আছেন এবং আশা করছেন মোশাররফ স্যার রাষ্ট্রপতি হবেন।
এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, রাষ্ট্রপতি হিসেবে ড. মোশাররফের নাম শোনা যাচ্ছে—এতে তারা গর্বিত। এটি বাস্তবায়িত হলে কুমিল্লার জন্য বড় অর্জন হবে বলে তিনি মন্তব্য করেন।



