

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ইসলামী রাজনীতিতে মাওলানা মামুনুল হকের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই আসন দুটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো প্রার্থী দেবে না। সংশ্লিষ্ট আসনগুলোতে দলের প্রার্থীদের প্রত্যাহার করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকা-১৩ ও বাগেরহাট-১—এই দুই আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন থাকবে মাওলানা মামুনুল হকের প্রতি।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ রাজনীতির পথে হাঁটছে না। তবে যেসব আসনে দলের প্রার্থী থাকবে না, সেখানে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।



