রাজনীতি

বিএনপি সরকার সংস্কার না করলে টিকতে পারবে না: নাসীরুদ্দীন

অনলাইন নিউজ ডেস্ক

দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের বিচার এবং অর্থনৈতিক অনিয়ম, ব্যাংক লুট ও শেয়ারবাজার ধসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জনসমর্থন গড়ে তুলতে কাজ করছে এনসিপি।

প্রতিবেশী দেশ ভারত থেকে কথিতভাবে বাংলাদেশি পরিচয়ে লোক পাঠানোর প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতিকে নির্ভরশীলতার গণ্ডি থেকে বের করে স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও আত্মমর্যাদাশীল অবস্থানে নিয়ে যেতে চায় তার দল।

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন শেখ পরিবারের রাজনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও জেলার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এ জন্য রাজনৈতিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান।

এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি মুসলিম ঐতিহ্য ও ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

ভারতীয় আধিপত্যবাদ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সার্বভৌমত্ব, বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, সংস্কারের পক্ষে বিপুল জনসমর্থন থাকলেও তা বাস্তবায়নে প্রয়োজনীয় অগ্রগতি দেখা যাচ্ছে না। এ কারণে জনগণের মতামত ও ভোটাধিকারের পক্ষে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে রাজনৈতিকভাবে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।

পরে নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় নেতাকর্মীদের নিয়ে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তারা বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন এবং ঘোড়াদিঘির দক্ষিণ পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন এবং পরদিন অনুষ্ঠিতব্য সংস্কার দাবির খুলনা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বাগেরহাট জেলা এনসিপির সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিনসহ ছাত্রশক্তি, যুবশক্তি ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button