জাতীয়

ছাত্রলীগের তৎপরতা বন্ধে সিলেটে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

অনলাইন নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিলেট মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি ঘিরে কমিশনার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষণার পরও সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের উদাসীনতার কারণে নিষিদ্ধ সংগঠনটি পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ছাত্রদল নেতাদের দাবি, শুক্রবার ভোরে নগরের টিবি গেট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এর আগে নবাবরোড ও কাজিটুলাসহ কয়েকটি এলাকাতেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সঠিক নয়। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতার তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঝটিকা মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করায় তাদের শনাক্ত করতে সময় লাগছে। তবে অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ চলছে। শুক্রবারের মিছিলের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button