

অনলাইন নিউজ ডেস্ক
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণ ‘জুলাই সনদ’-এর পক্ষে রায় দেওয়ার পরও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তাঁর ভাষায়, “প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। তিনি বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই।”
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার সেই জনরায়কে উপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে গণআন্দোলন বা গণঅভ্যুত্থানের পথে যেতে হতে পারে।
তিনি আরও বলেন, “আমরা এখনো হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিইনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকে ঠেলে দিচ্ছেন।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই করবেন বা জনগণের সঙ্গে ছলনা করবেন।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “গত ১৬ বছর বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা বললেও ৫ আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা মূলত ক্ষমতার জন্যই লড়াই করেছে, জনগণের স্বার্থে নয়।”
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি আর সংস্কারের কথা বলছে না এবং তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচিরও বাস্তবায়নের উদ্যোগ নেই। তাঁর দাবি, “৩১ দফার প্রথম দফাতেই সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা ছিল, অথচ এখন তারা বলছে কখনো সংস্কারের কথা বলেনি।”
সংবিধান সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।”



