

কড়াইল বস্তির বাসিন্দাদের আবাসন সংকট নিরসনে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে ওই এলাকায় একটি ক্লিনিক স্থাপনের আশ্বাসও দেন তিনি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বিভিন্নভাবে উপকৃত হয়েছে।
কড়াইলবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান—কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।” তিনি সবাইকে আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনার আহ্বান জানান।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিতে চান। একই সঙ্গে কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। জনগণ সুযোগ দিলে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে তারেক রহমান বলেন, করাইলের শিশুরা যেন বিদেশি ভাষা শেখার সুযোগ পায় এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আবাসন সমস্যার বিষয়ে তিনি বলেন, সবাই যেন নিরাপদ ও সম্মানজনকভাবে বসবাস করতে পারে, সে জন্য পরিকল্পিতভাবে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করা হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
নিজের অতীত স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় তিনি ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন এবং যেভাবে সেই বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা তিনি ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি গভীরভাবে অনুভব করেন এবং কড়াইলবাসীর জন্য কাজ করতে চান।
বক্তব্যের শেষদিকে তারেক রহমান মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।



