খেলাধুলা

ভুটানকে খেলা শেখাল বাংলাদেশের মেয়েরা

মেয়েদের ফুটবলে ধারাবাহিক সাফল্যের ছাপ রেখে চলা বাংলাদেশ এবারও দারুণ সূচনা করেছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে। উদ্বোধনী ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়েই শুরু হয়েছে এবারের আসর। ম্যাচে তিন বাংলাদেশি ফুটবলার হ্যাটট্রিক করেছেন। মোসাম্মৎ মুনকি আক্তার একাই করেছেন চার গোল। আলপি আক্তার ও শ্রীমতি তৃষ্ণা রানী করেছেন তিনটি করে গোল। এ ছাড়া একটি করে গোল এসেছে অর্পিতা বিশ্বাস অর্পি ও মামনি চাকমার পা থেকে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেন মামনি চাকমা। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা রানী। প্রথমার্ধের যোগ করা সময়ে পরপর দুই গোল করে ব্যবধান আরও বাড়ান মুনকি আক্তার। তার জোড়া গোলে বিরতিতে যায় বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে আরও তীব্র আক্রমণ চালায় বাংলাদেশ। ৫৪ মিনিটে তৃষ্ণার গোল দলকে এনে দেয় পঞ্চম সাফল্য। এরপর একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগ ভেঙে পড়ে। গোল হজমের চাপ সামলাতে গোলরক্ষক বদল করেও লাভ হয়নি ভুটানের। আলপি-মুনকিদের ধারালো আক্রমণে ব্যবধান বাড়তেই থাকে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আলপি আক্তারের গোলের মাধ্যমে ১২-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নারী বয়সভিত্তিক সাফে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ মিলিয়ে এখন পর্যন্ত ছয় আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। একই বছর ঢাকায় অনূর্ধ্ব-২০ আসরেও শিরোপা ঘরে তোলে স্বাগতিকরা।

চার দল নিয়ে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে লিগ পর্ব শেষে সেরা দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে, আর ৪ ফেব্রুয়ারি শেষ লিগ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button