খেলাধুলা

অপ্রতিরোধ্য বাংলাদেশ, শ্রীলঙ্কাকে সহজেই পরাজিত করল আজ

অপ্রতিরোধ্য বাংলাদেশ, শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল আজ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে কৃষ্ণা-সাবিনারা। প্রথমে দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা ৬-৩ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। এর ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন সাবিনারা। সেইসঙ্গে পয়েন্ট টেবিলেও শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল। প্রথম কয়েক মিনিটের মধ্যে দুই গোলের লিড পেয়ে যায়। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। ম্যাচের ১৮ থেকে ২০ মিনিটের মধ্যে জোড়া গোল করে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ। জোড়া গোল করে বাংলাদেশকে সমতায় ফেরানোর নায়ক ছিলেন খোদ অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রানী সরকার দুই গোলেরই জোগানদাতা ছিলেন।

বিরতির পর আর শ্রীলঙ্কা আধিপত্য বজায় রাখতে পারেনি। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে। সাবিনার কর্নার থেকে ২৯ মিনিটে সুমাইয়ার জোড়ালো শটে বাংলাদেশ লিড পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিন গোল আদায় করে বাংলাদেশ। সাবিনাকে জোড়া গোল করানো কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় দলের হয়ে চতুর্থ গোল করেন। পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। এরপর কৃষ্ণা আরেক গোল করলে বাংলাদেশের বড় জয় সুনিশ্চিত হয়। খেলার শেষ বাঁশি বাজার মুহূর্তে শ্রীলঙ্কা আরেকটি গোল করে কেবলমাত্র হারের ব্যবধানটাই কমায়।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে পরের দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। সমান চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান টেবিলের দুই নম্বরে। যেখানে ৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পাকিস্তানের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button