খেলাধুলা

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

অনলাইন নিউজ ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে এসে ম্যাচগুলোতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আবহাওয়া। বজ্রঝড়ের কারণে ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর এবার একই ধরনের ঝুঁকির মুখে পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় Miami স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বজ্রঝড়ের সম্ভাবনা থাকায় ম্যাচের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি খারাপ হলে খেলা দেরিতে শুরু হতে পারে, এমনকি চলাকালীন সময়েও সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রে জুন–জুলাই মাস সাধারণত বজ্রঝড় ও আকস্মিক বৃষ্টির জন্য পরিচিত। চলমান বিশ্বকাপের প্রথম দিকে বড় কোনো সমস্যা না হলেও দ্বিতীয় সপ্তাহে এসে আবহাওয়ার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

এর আগে ফিলাডেলফিয়ায় শক্তিশালী বজ্রঝড়ের কারণে ফ্রান্স–ইরাক ম্যাচ প্রথমার্ধের পর দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছিল। একই সময়ে নিউ জার্সিতে নরওয়ে ও সেনেগালের ম্যাচও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শেষ করতে হয়।

এবার মায়ামিতে ম্যাচের আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময়ের আগেই ঝড়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

তবে স্কটল্যান্ড শিবির বিষয়টিকে খুব বেশি উদ্বেগের সঙ্গে দেখছে না। তাদের কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, সম্ভাব্য বিলম্ব বা ম্যাচ স্থগিতের পরিস্থিতির জন্য দল প্রস্তুত আছে। তার ভাষায়, “এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “যদি কোনো বিলম্ব হয়ও, তা যেন খুব বেশি দীর্ঘ না হয়—এটাই আমাদের আশা।”

সব মিলিয়ে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচটি শুধু মাঠের লড়াই নয়, এবার আবহাওয়ার সঙ্গেও এক অনিশ্চিত লড়াইয়ে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button