জাতীয়

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

অনলাইন নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন সেবা খাতে দুর্নীতি ও ঘুষের প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ জাতীয় খানা জরিপে দেখা গেছে, পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং ভূমি সেবা খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। দেশের ১৮টি সেবা খাতের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ঘুষের শিকার হওয়ার হার সবচেয়ে বেশি পাসপোর্ট সেবায়। জাতীয় পর্যায়ে এ হার ৭৬ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ মানুষ পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

পাসপোর্ট সেবার পর ঘুষের হার সবচেয়ে বেশি পাওয়া গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সেবায়, যেখানে এ হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও কৃষি সেবায় সমান ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ ঘুষের হার রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে টিআইবি।

জরিপে একই সঙ্গে দেখা গেছে, গড় ঘুষ গ্রহণের দিক থেকেও পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি ও ভূমি সেবা খাত শীর্ষে রয়েছে।

টিআইবির তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ জাতীয় খানা জরিপ পরিচালনা করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button