সারাদেশ

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ হামলায় মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় আরও এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত হয়েছেন মেঝো মেয়ে ইকরা আক্তার (১৭), যিনি রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামীকে হারানোর পর শাহিনুর বেগম সন্তানদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে এক যুবক বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর ও তার মেয়েদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই শাহিনুর ও তার ছোট মেয়ে নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর সায়মাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতার ইটপাটকেলে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, আহত অবস্থায় হাসপাতালে আনা পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক বলেন, এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button