

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকা-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, তার এলাকায় গ্যাস লাইন থাকা সত্ত্বেও নিয়মিত গ্যাস সরবরাহ না পাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিনি বলেন, “গ্যাস দিন, না হলে বিল নেওয়া বন্ধ করুন।”
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন অভিযোগ করেন, গ্যাস সংকটের কারণে বিশেষ করে গৃহিণীদের রান্নায় ব্যাপক সমস্যা হচ্ছে। একই সঙ্গে সিটি করপোরেশনের কর পরিশোধ করা হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আরেক সংসদ সদস্য দুর্নীতি ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে একজন সৎ ও ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, স্কুল ফিডিং কর্মসূচিতে ডিম, রুটি ও কলা বাবদ প্রতি সপ্তাহে বিপুল অঙ্কের অর্থ লুটপাট হচ্ছে এবং খাল খনন কর্মসূচিতেও অনিয়মের অভিযোগ উঠছে।
সংসদে দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ঘুষের হার অনেক ক্ষেত্রে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছে গেছে, যা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নির্ধারণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।



