

অনলাইন নিউজ ডেস্ক
স্পেনের কাছে নাটকীয় হারে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে যোগ করা সময়ের একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্নেরও ইতি ঘটল ক্রিস্টিয়ানো রোনালদোর।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসের ঐতিহাসিক কটন বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। শুরু থেকেই ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বলের দখল, দ্রুতগতির আক্রমণ এবং পাল্টা আক্রমণে দুই দলই একে অপরকে চাপে রাখলেও প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। মিকেল ওইয়ারসাবাল একেবারে একা গোলরক্ষক দিয়োগো কস্তার সামনে চলে এলেও তার শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন পর্তুগালের এই গোলকিপার।
১৪তম মিনিটে অ্যালেক্স বায়েনার প্রাণবন্ত পারফরম্যান্সে আরও ধারালো হয়ে ওঠে স্পেনের আক্রমণ। বাম প্রান্ত থেকে তার দ্রুতগতির দৌড় ও নিখুঁত পাসিংয়ে পর্তুগালের রক্ষণভাগ বারবার চাপে পড়ে। ২১তম মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় স্পেন, কিন্তু কস্তার অসাধারণ সেভে রক্ষা পায় পর্তুগাল।
প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফিরে আসে পর্তুগালও। ৩৮তম মিনিটে জোয়াও ফেলিক্সের শট ডিফ্লেক্ট হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে গেলে কাছ থেকে নেওয়া তার প্রচেষ্টা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
এর চার মিনিট পর নুনো মেন্ডেসের শক্তিশালী বাঁ পায়ের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে উনাই সিমনকে পরাস্ত করলেও বল ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়াই চালিয়ে যায় উভয় দল। ৭৩তম মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো ফ্রি-কিক দুর্দান্ত সেভে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন দিয়োগো কস্তা। এরপর ম্যাচ যত শেষের দিকে গড়াতে থাকে, ততই অতিরিক্ত সময়ের সম্ভাবনা জোরালো হতে থাকে।
কিন্তু নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে ম্যাচের সিদ্ধান্ত। আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো পর্তুগালের দুই সেন্টার ব্যাকের মাঝ দিয়ে দারুণ দৌড়ে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে স্পেনকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। যোগ করা সময়ের সপ্তম মিনিটে বের্নার্দো সিলভা সমতা ফেরানোর দারুণ সুযোগ পেলেও তার হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির।
মিকেল মেরিনোর একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে, ম্যাচের আগে এটিই নিজের শেষ বিশ্বকাপ বলে জানানো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্নও শেষ হয়ে যায় এই পরাজয়ের মধ্য দিয়ে।
এখন ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আলোচনার বিষয়—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আর স্পেন শেষ আটে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।



