

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণে সরকারের কোনো বাধা থাকবে না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নাম বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যে কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিস্তা ব্যারেজ প্রকল্প সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, বর্ষা মৌসুমে আসা পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে তা ব্যবহারের লক্ষ্যে তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
তিনি জানান, প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব। তবে কোনো দেশ বা উন্নয়ন সহযোগী সংস্থা সহায়তা করতে চাইলে তা বিবেচনায় নেওয়া হবে।
ভারত থেকে পুশইনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে চাপ প্রয়োগের উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সরকার মনে করে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



