খেলাধুলা

জর্ডানের বিপক্ষে মেসি আজ বেঞ্চে, মার্তিনেস-আলভারেসের একসঙ্গে জুটি

অনলাইন নিউজ ডেস্ক

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে মাঠে নামছে জর্ডানের বিপক্ষে। বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ম্যাচে ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করায় কিছুটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি আগেই জানিয়েছিলেন, একসাথে দুইজন প্রথাগত স্ট্রাইকার খেলানো তার পরিকল্পনার সঙ্গে সবসময় মানানসই নয়। তবে এই ম্যাচে ফলের চাপ না থাকায় তিনি প্রথমবারের মতো লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস জুটিকে শুরুর একাদশে একসঙ্গে পরখ করার সুযোগ পাচ্ছেন।

দুজনই জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময় অফিশিয়াল ম্যাচে গোল খরায় ভুগছেন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে কেউই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পাননি। তাই আজকের ম্যাচ তাদের জন্য ফর্মে ফেরার বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্রাম পাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস থাকছেন একাদশে, মূলত ম্যাচ ফিটনেস ধরে রাখার লক্ষ্যেই তাকে খেলানো হচ্ছে। রক্ষণভাগে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো, সঙ্গে থাকছেন নিকোলাস ওটামেন্ডি ও মার্কোস সেনেসি। মাঝমাঠে দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস ও জিওভানি লো চেলসো। তরুণ নিকো পাজও সুযোগ পেতে পারেন শুরুর একাদশে।

সম্ভাব্য একাদশে আর্জেন্টিনা:
এমিলিয়ানো মার্তিনেস, মন্তিয়েল/সিমিওনে, ওটামেন্ডি, সেনেসি, তাগলিয়াফিকো, পারেদেস, পালাসিওস, লো চেলসো, নিকো পাজ, লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

সব মিলিয়ে এই ম্যাচকে স্কালোনি দেখছেন মূলত বেঞ্চ শক্তি পরীক্ষা ও নতুন কম্বিনেশন যাচাইয়ের সুযোগ হিসেবে, যেখানে ফলের চেয়ে পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button