

অনলাইন নিউজ ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রামে এক ভয়াবহ ঘটনায় কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রেমিকা নাইমা জাহান এবং নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে গ্রেফতার করেছে।
ঘটনাটি সোমবার (২৯ জুন) সকালে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে ঘটে। সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম ও নাইমা জাহানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় এবং তারা ঢাকায় একাধিকবার আবাসিক হোটেলে একসঙ্গে রাত কাটান বলে জানা যায়। পরে নাইমা গর্ভবতী হলে এবং তিন মাসের ভ্রূণ নষ্ট করার ঘটনা ঘটার পর সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।
এরপর বিয়ের চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করেন এবং পরে ২০ হাজার টাকা নিয়ে গ্রামে আসতে বলেন। টাকা জোগাড় করতে না পারলেও রোববার রাতে নাইমা সিয়ামের পুরনো বাড়িতে আসেন। সেখানে সিয়াম, নাইমা ও বন্ধু আরিয়ান এক কক্ষে রাত কাটান।
পরদিন ভোরে সিয়াম নাইমাকে চলে যেতে বললে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে এবং নাইমা জাহান ও আরিয়ানকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার কারণ ও পেছনের বিষয়গুলো আরও খতিয়ে দেখা হচ্ছে।



