

ঢাকা | ২৯ জুন ২০২৬ ইংরেজি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্যপণ্য ও শিল্পখাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া এবং পাটসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)–এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকী–এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে খাদ্যপণ্য আমদানি-রপ্তানি সহজীকরণ, শিল্পের কাঁচামাল সরবরাহ, সার ও কৃষিপণ্য বাণিজ্য বৃদ্ধি এবং পাট খাতে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে।
এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি আরও সম্প্রসারিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি:



