বিনোদন

‘ইত্যাদি’ এবার ভোলায়

নব্বইয়ের দশক থেকে দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়মিতভাবে দর্শকদের সামনে তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের নানা দিক। স্টুডিওর বাইরে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠান ধারণ করার ধারাবাহিকতায় এবারের পর্ব আয়োজন করা হয়েছে দ্বীপ জেলা ভোলার পরিকল্পিত জনপদ চরফ্যাশনে।

এ পর্বের মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত প্রায় শতবর্ষী ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠান ঘিরে পুরো ভোলা জেলায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দুপুর থেকেই হাজারো দর্শক অনুষ্ঠানস্থলে ভিড় করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে অনেকে ‘ইত্যাদি’ ও এর নির্মাতা হানিফ সংকেতকে স্বাগত জানান।

স্থানীয়দের ভাষ্য, ভোলায় এর আগে কোনো অনুষ্ঠানে এত দর্শক একসঙ্গে জড়ো হয়নি। অনুষ্ঠানস্থলের আশপাশের বাড়ির ছাদ ও রাস্তার ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। দর্শকপর্বে ভোলাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে তিনজনকে নির্বাচন করা হয়। পরবর্তী অংশে তারা ভোলার সন্তান জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয়ে অংশ নেন, যা উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দেয়।

এবারের পর্বে ভোলার গর্ব এম এ মুহিতকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারও রয়েছে। তিনি একমাত্র বাঙালি, যিনি টানা দুইবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। দ্বিতীয়বার অভিযানে তার হাতে ‘ইত্যাদি’ লেখা একটি ফেস্টুনও ছিল।

অনুষ্ঠানে ভোলার বিভিন্ন উপজেলা নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। থাকছে ‘ভোলা গ্রাম ও গুলশান’ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনও। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি উঠে এসেছে এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়। পাশাপাশি পরিবেশ উপযোগী মহিষ পালন ও মহিষের বাথানভিত্তিক ব্যবসা নিয়ে রয়েছে তথ্যভিত্তিক উপস্থাপনা।

এ ছাড়া ভোলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ মৎস্য খাত এবং নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের একটি বাস্তব গল্পও স্থান পেয়েছে এবারের ‘ইত্যাদি’ পর্বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button