খেলাধুলা

বাংলাদেশকে বাদ দিয়ে বিপদে ভারত

অনলাইন নিউজ ডেস্ক

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতের জন্য বড় কূটনৈতিক ও ক্রীড়াজনিত সংকট তৈরি করেছে। বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের প্রভাব ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের সম্ভাবনাকেও হুমকির মুখে ফেলতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় এবং ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সে প্রস্তাবে সম্মতি দেয়নি।

এরপর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই সিদ্ধান্ত শুধু ক্রীড়াঙ্গনেই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও উল্লেখযোগ্য প্রভাব ফেলছে বলে মনে করছে দ্য গার্ডিয়ান।

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত এখন পর্যন্ত এগিয়ে থাকলেও, প্রতিবেদনে বলা হয়েছে—বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনাটি সেই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাজনৈতিক হস্তক্ষেপ ও আঞ্চলিক ক্রীড়া উত্তেজনার বিষয়ে বরাবরই কঠোর অবস্থান নেয়।

গার্ডিয়ানের মতে, অলিম্পিক আয়োজনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে ভারতকে অবশ্যই আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে হবে। অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর আয়োজনের সুযোগ হাতছাড়া হতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরাসরি যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক এই ঘটনাগুলো আইওসিকে অবহিত করা তার জন্য কঠিন হবে না বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনুস ২০২৪ প্যারিস অলিম্পিকে মশাল প্রজ্বলন করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতির প্রভাব ২০২৮ অলিম্পিকসহ ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button