রাজনীতি

হাসপাতালে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

আব্দুর রহমান নগরীর ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকার সিপাহীবাড়ির বাসিন্দা এবং মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি ছিলেন তিনি। গত বছরের ১৭ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।

প্রায় এক মাস চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তবে পুনরায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে ২৬ জানুয়ারি আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button