রাজনীতি

‘শেখ হাসিনার পর এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে’

অনলাইন নিউজ ডেস্ক

 

শেখ হাসিনার শাসন থেকে দেশ মুক্ত হয়েছে। তবে একই সঙ্গে কিছু দায়িত্বহীন ও অর্বাচীন ব্যক্তির কর্মকাণ্ড থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সাম্প্রতিক সময়ে কিছু তরুণ অযথা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, “তারা ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিয়ে আমার নাম নেয়। আমি বলি, আগে আল্লাহর নাম নাও এবং তাঁর প্রশংসা করো।”

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনকে কেন্দ্র করে এমন কিছু পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে, যা সারাদেশের নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিএনপি এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে। “কিন্তু ধৈর্যের সীমা আছে। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়,” বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন কারও দান নয়। “কিছু মানুষ দাবি করছে, ৫ আগস্টেই সবকিছু সম্পন্ন হয়েছে। অথচ গত ১৭ বছরে বিএনপি ও এর নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, তা উপেক্ষা করা হচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আমাদের যে অবস্থানে থাকার কথা ছিল, বাস্তবে তা হয়নি। ব্যক্তিগত কোনো স্বার্থে আজও কেউ আমাকে এক কাপ চা পর্যন্ত দেয়নি,” বলেন মির্জা আব্বাস।

একটি রাজনৈতিক দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলে বিএনপির ধারণা।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের ফল প্রকাশে অযৌক্তিক বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না। “ভোটগ্রহণ শেষে ১২ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা তা প্রতিহত করব। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ত্যাগ করবে না,” বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button