

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের সব স্তরে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে চান তারা। এমন একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে নারী-পুরুষ উভয়েই নিজ নিজ অধিকার ভোগ করবে এবং কোনো নারী যেন ঘরে বা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় না থাকেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মা-বোনদের অবদান অপরিসীম এবং তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। তবে তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সবার জন্য সমানভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে দুর্নীতি ও চাঁদাবাজি কমে আসবে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের শাস্তির পাশাপাশি উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তরুণরা ভাতা নয়, কর্মসংস্থান চায়। তাদের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ তৈরি এবং পেশাগত বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন তিনি। ভবিষ্যতে দেশের নেতৃত্ব যুবকদের হাতেই থাকবে বলেও মন্তব্য করেন।
তিনি মহানন্দা নদী পুনরুজ্জীবন এবং উপযুক্ত স্থানে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ তারিখ দুটি ভোট দিতে হবে—একটি স্বাধীনতার পক্ষে এবং অন্যটি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে।
জেলা জামায়াতের আমির আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।



