

‘পয়সা ছাড়া নির্বাচিত করুন, পয়সা ছাড়া সেবা দেব’—হাসনাত আব্দুল্লাহ
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের সমর্থনে অর্থ ব্যয় ছাড়াই নির্বাচিত হতে চান এবং নির্বাচিত হলে বিনা স্বার্থে সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “চাঁদাবাজি করে টাকা আনার প্রয়োজন নেই। মানুষ বিশ্বাস থেকে সহায়তা করে। অনেকে বলেন—টাকা লাগলে দেব, কিন্তু দুর্নীতি করো না। যেহেতু আমি টাকা ছাড়া নির্বাচন করতে পারছি, তাই সেবা দেওয়ার সময়ও কোনো অর্থ নেওয়ার দরকার নেই। আজও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লাখ টাকা দিয়েছেন, প্রতিদিনই সহায়তা আসছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও যদি নির্বাচনে অংশ নিতে হয়, তাহলে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা থাকলে জনগণ আবারও পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা (উত্তর) জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা মো. মজিবুর রহমান ফরাজী, উপজেলা আমির মোহাদ্দেছ মো. জামসেদ হোনের হাবিবিসহ অন্যান্য নেতারা।



