

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করা হয়।
গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন জাইমা রহমান। তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আসা মানুষদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে জাইমা রহমান গুলশান এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকেও যান। একটি বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এবং লিফলেট বিতরণ করতে দেখা যায় তাকে।
ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, “আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”
লিফলেট ছাড়াও পরিবেশবান্ধব বীজ বিতরণ করেন তিনি। এসব বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে। নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন মরহুমা খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন।
গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত চলা এই গণসংযোগে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।



