

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে, যাতে ভোট গ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ার আগে সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, জেলার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যৌথবাহিনী সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে এবং ভয়ে মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, কোনো স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেনাবাহিনী জানায়, জেলার ছয়টি সংসদীয় আসনে তাদের সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করবেন।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মহড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবের সদস্যরা অংশ নেন। মহড়ার মাধ্যমে ভোটের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীর প্রস্তুতি এবং পারস্পরিক সমন্বয় প্রদর্শিত হয়।



