

ভোটগ্রহণ এবার প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, অনেকেই ভাবেননি যে এবারের ভোট এতটা উৎসবমুখর হবে। সারাদিন বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখেছেন বলে জানান তিনি। তার আশা, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ভালো ফলাফল আসবে।
তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।



