

বিএনপির ভেতরে যারা ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণ করছেন, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি-এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ)। তিনি বলেন, “দলের ভেতরে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে আপনার পতন হাসিনার চেয়েও ভয়াবহ হতে পারে।”
রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ভূঁইয়া অভিযোগ করেন, ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদিতে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন ও জাল ভোটের একাধিক ঘটনা ঘটেছে, যা তারা প্রত্যক্ষ করেছেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি অংশের পেশাদার ভূমিকার প্রশংসা করলেও সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রশাসনের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “বহু আইজি, সচিব ও প্রধান নির্বাচন কমিশনারও জেলে গেছেন—এটা মনে রাখবেন। আপনারা কে কোথায় কী ভূমিকা রাখছেন, তার হিসাব একদিন দিতে হবে।”



