বিনোদন

ওমর সানীর রেস্তোরাঁয় বাগ্‌বিতণ্ডা, কাস্টমারকে ছুরিকাঘাত

চিত্রনায়ক ওমর সানী-এর রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় এক গ্রাহককে ছুরিকাঘাতের ঘটনায় একজন আহত হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মো. খলিলুল রহমান খান বাদল মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে মো. আতিকুর রহমান খান কয়েকজন বন্ধুকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাবার পরিবেশন, বিশেষ করে নানরুটি নিয়ে অসন্তোষ থেকে কর্মী লিখনের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। উপস্থিত কয়েকজনের দাবি, নারী গ্রাহকদের সঙ্গে কর্মীর অশোভন আচরণ নিয়েও উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষ রেস্তোরাঁর বাইরে মূল সড়কে চলে যান। সেখানে ধস্তাধস্তির মধ্যে আতিকুর রহমান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

আহতের চাচা মো. খলিলুল রহমান খান বাদল দায়ের করা অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করেছেন।

ঘটনা সম্পর্কে ওমর সানী বলেন, নানরুটি পরিবেশন নিয়ে অসন্তোষ থেকেই তর্কের সূত্রপাত। পরে বিষয়টি নারী গ্রাহকের সঙ্গে বাকবিতণ্ডা হয়ে রেস্তোরাঁর বাইরে মারামারিতে রূপ নেয়, যেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তিনি জানান, নানরুটি প্রস্তুতকারক কারিগরের অভাবে স্থানীয় এক ব্যক্তির পরামর্শে লিখনকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার দায় অস্বীকার না করে ওমর সানী বলেন, কোনো কর্মচারীর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের মালিক হিসেবে তিনি গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button