রাজনীতি

অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি রোধ এবং স্থবির অর্থনীতিকে সচল করাই আগামী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরেন তিনি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকারের জন্য অর্থনীতিকে গতিশীল করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ন্যায়বিচার নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই ফলাফল যেমন আনন্দের, তেমনি বেদনাদায়কও। দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এই ঐতিহাসিক বিজয় প্রত্যক্ষ করতে পারেননি—এটাই তাঁর কাছে গভীর দুঃখের।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বহু ত্যাগের বিনিময়ে একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে এ প্রক্রিয়ায় অভিভূত ও মুগ্ধ বলেও জানান। এই ধারা অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ-এর কার্যক্রম ইতোমধ্যে নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক বাস্তবতার আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে বিমানবন্দর থেকে তিনি গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে যান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button