স্থানীয়

ইবনে সিনা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগী মৃত্যুর অভিযোগ! ছাত্রদল নেতা মুর্শেদ এর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

ইবনে সিনা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগী মৃত্যুর অভিযোগ, অপপ্রচারের নিন্দা

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মোর্শেদ ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদাবাজি’র অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্টরা এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

অভিযোগকারী সূত্রে জানা যায়, সম্প্রতি এক রোগীকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে রোগীর অবস্থার অবনতি হলে স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁদের দাবি, চিকিৎসায় অবহেলা ও ভুল ব্যবস্থাপনার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা গড়িমসি করেন এবং স্পষ্ট ব্যাখ্যা দিতে এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হলে সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মোর্শেদসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ঘটনার ব্যাখ্যা চান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অসহযোগিতা ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এমনকি অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে যান—এমন অভিযোগও তোলা হয়েছে।

 

ঘটনার পর স্থানীয় কয়েকটি অনলাইন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পরে কিছু ফেসবুক আইডি থেকে মোফাজ্জল চৌধুরী মোর্শেদ ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ তুলে পোস্ট দেওয়া হয়। অভিযোগকারী পক্ষের দাবি, এসব আইডি ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

 

মোফাজ্জল চৌধুরী মোর্শেদ বলেন, “আমরা শুধু একটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি চেয়েছি। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আড়াল করতেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

 

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে, স্থানীয় সচেতন মহল রোগীর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button